শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি: জয়


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন যে, শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নিয়েছিলেন, তবে তা তখনই ঘোষণা করা হয়নি। তিনি বলেন, “একদিন আগে আমরা জানতাম তিনি পদত্যাগ করবেন এবং সংবিধান অনুযায়ী ট্রানজিশন অব পাওয়ার হবে। কিন্তু গণভবনের দিকে আন্দোলনকারীদের মার্চ শুরু হলে, আমরা ভয়ে বলেছিলাম যে, সময় কম, এখনই বেরিয়ে যেতে হবে।”
কোটা আন্দোলনের পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয় এবং এতে অনেক প্রাণহানি ঘটে। হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দ্রুত তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন।

f


আওয়ামী লীগের নেতৃত্বে তার অংশগ্রহণের বিষয়ে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, “তিনবার আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হয়েছে। তিনবার সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হয়েছে। আমরা এখানে সেটেলড এবং জীবনের কোনো অসুবিধা নেই।”
শেখ হাসিনা ভারতের দিল্লিতে আছেন এবং তার বোন সেখানে তার সাথে রয়েছেন। জয় জানান, শেখ হাসিনা ভালো আছেন, তবে তার মন খারাপ। তিনি বলেন, “তিনি খুবই দুঃখিত যে, যে দেশের জন্য তার বাবা, পরিবার এত পরিশ্রম করেছে, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি।”