ঈদের আগে ১৪ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৬৪ কোটি ডলার।
পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার (১৯ জুন) ঈদের ছুটির পর এই তথ্য প্রকাশ করে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসের প্রথম ১৪ দিনে প্রতিদিন বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার।
মে মাসে প্রতিদিন দেশে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের বছর জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।
মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়। ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কারণে প্রবাসীরা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

0 Comments