আইজিপি পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
নবনিযুক্ত আইজিপি ময়নুল ইসলাম সমস্ত পুলিশ সদস্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার (৭ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
আইজিপি বলেন, "আজ আমি একটি বিশেষ পরিস্থিতির কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা সর্বদা জনগণের পাশে থেকে তাদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, এবং ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা সবাই একত্রে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব।"
তিনি আরও উল্লেখ করেন, "সারাদেশে পুলিশের বিভিন্ন থানা, স্থাপনা ও আবাসিক ভবনে আক্রমণ হয়েছে। পুলিশ এবং এর স্থাপনাসমূহ রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের কল্যাণে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সংকটময় মুহূর্তে পুলিশ সর্বদা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং আমরা আমাদের দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।"
ff f
আন্দোলনে আহত পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, "সম্প্রতি নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আমরা সহায়তা প্রদান করব এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।"
ঢাকায় অরক্ষিত অবস্থায় বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "যেসব থানায় আগুন দেয়া হয়নি সেগুলোরও ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। পুলিশ সংস্কার শুরু হয়েছে এবং ভবিষ্যতে পুলিশকে আর কখনো রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ থাকবে না।"
অন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এই আন্দোলনে শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং রাস্তায় দায়িত্ব পালন করেছে, তাদের জন্য পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ।"

0 Comments