ড. ইউনূস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পরিচালিত করবেন এবং সহিংসতায় জড়িতদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে।
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, আগামীকাল রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে এবং এই পরিষদ ১৫ সদস্যের হতে পারে।
বুধবার সেনাসদরে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমার সাম্প্রতিক আলোচনা থেকে আমি তার প্রতি গভীর আগ্রহ এবং প্রতিশ্রুতি অনুভব করেছি। আমি নিশ্চিত তিনি আমাদের একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত করতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব।"
তিনি আরও উল্লেখ করেন, "বর্তমানে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা দক্ষতার সঙ্গে কাজ করছে—রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মেরামত করছে। আমি তাদের অনুরোধ করব যেন তারা এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখে।"
"গত কয়েক দিনের ঘটনাবলি অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এ জন্য দুঃখিত এবং বিব্রত। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।"
তিনি জনগণকে গুজব থেকে দূরে থাকতে আহ্বান জানান এবং জানান যে পুলিশ সদস্যদের এখনো কাজে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, তবে পুলিশ পুনর্গঠনের কাজ চলছে এবং নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে।
"আমরা তিন বাহিনী মিলেই জনগণের পাশে আছি এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো, এতে আমি বিশ্বাসী। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং কিছুটা সময় দিন, আমরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তুলব ইনশাআল্লাহ।"

0 Comments