সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতের নারী প্রার্থীদের তালিকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১২ জনের একটি প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই এই আসনের মনোনয়ন চূড়ান্ত করতে চায় দলটি। এ লক্ষ্যে নবীন ও প্রবীণ নারী নেত্রীদের সমন্বয়ে ১২ জনের নাম প্রস্তাব করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম যাচাই–বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে।
দলীয় সূত্র মতে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। তার আগেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্ধারণ করতে চায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। এ উদ্দেশ্যে ইতোমধ্যে ১২ জন নারী নেত্রীর একটি তালিকা তৈরি করা হয়েছে।
জামায়াতের এক দায়িত্বশীল নেতা জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব এলাকায় দলটির প্রার্থী জয়ী হতে পারেননি, সেসব অঞ্চল থেকে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি সংসদের উচ্চকক্ষ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখেও নারী নেতৃত্ব গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত ৫০ নারী আসনের মধ্যে দলটি প্রায় ১১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ff f
এই প্রেক্ষাপটে জামায়াতের মহিলা বিভাগ ১২ সদস্যের একটি তালিকা দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে জমা দিয়েছে। দলীয় ফোরামের পরামর্শের ভিত্তিতে তিনি চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবেন।
দলীয় সূত্র জানায়, প্রস্তাবিত তালিকায় সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রী, গণমাধ্যমে পরিচিত মুখসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নারী নেত্রীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা, ডা. হাবিবা চৌধুরী সুইট, ড. ফেরদৌস আরা বকুল, প্রকৌশলী মারদিয়া মমতাজ, ডা. আমিনা বেগম, শাহানারা বেগম, বেগম রোকেয়া আনসার, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, খোন্দকার আয়েশা বেগম, ডা. হাবিবা আখতার চৌধুরী, সাঈদা রুম্মান ও জান্নাতুল কারীম। তবে চূড়ান্ত মনোনয়নের সময় এই তালিকায় পরিবর্তন হতে পারে।
0 Comments